খুলনায় চলছে বিএনপির মঞ্চ প্রস্তুতের শেষ মুহূর্তের কাজ

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চ প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে
ছবি: প্রথম আলো

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুতের শেষ মুহূর্তের কাজ চলছে। নগরে কে ডি ঘোষ রোডের কেসিসি মার্কেট ও জেলা পরিষদ ভবনের সামনের রাস্তায় নির্মিত হচ্ছে ওই মঞ্চ। মঞ্চ করা হয়েছে থানার মোড় অভিমুখী। স্থানীয় নেতারা মঞ্চের কাজ তদারকি করছেন। এর মধ্যে কেন্দ্রীয় নেতারা খুলনায় পৌঁছেছেন। আজ শনিবার বেলা দুইটায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বিভাগের ১০ জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত হবেন বলে আশা করছেন আয়োজকেরা।

সকালে সরেজমিন দেখা গেছে, স্থানীয় নেতারা মঞ্চ প্রস্তুতের শেষ মুহূর্তের কাজে ব্যস্ত। মঞ্চের সামনের অংশে চেয়ার বসানোর কাজ চলছে। সড়কের নির্মাণাধীন নালার ওপরে খোলা অংশে লোহার পাত দিয়ে সাময়িক ঢেকে দেওয়া হচ্ছে। সামনের অংশে থাকা নির্মাণসামগ্রী, বালু, পাথর পরিষ্কার করছেন শ্রমিকেরা। স্থানীয় নেতাদের কয়েকজন মাইকে বক্তব্য দিচ্ছেন। বেশ কিছু কর্মীও মঞ্চ এলাকায় আছেন।

সকাল থেকে সমাবেশস্থলে উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, বিভাগীয় সমাবেশের ভেন্যু হিসেবে দুটির যেকোনো একটি চেয়েছিলেন তাঁরা। সোনালী ব্যাংক চত্বর অথবা শহীদ হাদিস পার্কের যেকোনো জায়গায় সমাবেশ করার বিষয়ে সিটি মেয়র ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়। পরে বিকল্প ভেন্যু হিসেবে কেসিসি মার্কেট চত্বর চূড়ান্ত হয়। গতকাল শুক্রবার দুপুরের পর থেকেই মাইক টানানো হয়েছে। এখন সবকিছুই প্রস্তুত। একেবারে শেষ দিকের কিছু কাজ চলছে।

বিএনপির কেন্দ্রীয় ওই নেতা বলেন, ‘প্রধান অতিথিসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা ইতিমধ্যে খুলনায় পৌঁছেছেন। অনেক কর্মীও বিভিন্ন জেলা থেকে খুলনা চলে এসেছেন। বিএনপির এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি হবে বলে আশা করছি।’

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, সহ–সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু, সহ–প্রচার সম্পাদক শামীমুর রহমান, সহ–তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান, সহ–ধর্ম সম্পাদক অমলেন্দু দাস। এ ছাড়া বিভাগের ১০ জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।

জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান বলেন, বিভাগীয় সমাবেশ সফল করতে সপ্তাহব্যাপী খুলনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একাধিক কেন্দ্রীয় নেতা খুলনায় অবস্থান নিয়ে সশরীর বিভিন্ন প্রস্তুতি সভায় অংশ নিয়েছেন। জেলায় জেলায় হাট–বাজার, জনগুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। সব মহলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় এ সমাবেশ সফল হবে। আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা আসবে।

ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’কর্মসূচির প্রতিবাদে এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দেশের বিভাগীয় শহরে এ সমাবেশ করছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট। গণমিছিল, গণ-অবস্থান ও বিক্ষোভ সমাবেশের পর এটি সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি।