লাশ
লাশ

যশোরে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন, ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলায় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন এক ব্যক্তি। এ সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মশরহাটী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হোসাইন আহমেদ (২২)। তাঁর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেতার কোনা মাদ্রাসার শিক্ষক ছিলেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শুক্রবার সন্ধ্যায় হোসাইন আহমেদ উপজেলার মশরহাটী এলাকায় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। সন্ধ্যা ছয়টার দিকে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন হোসাইন আহমেদকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী ইয়াসমিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

ট্রেনের ধাক্কায় কারও মৃত্যুর খবর পাননি বলে জানান যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন।