
হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতির মামলার আসামি তিনি। তাঁর বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। পলাতক এই আসামি বাসায় অবস্থান করছেন, গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় এসআরবি। তবে তিনি গ্রেপ্তার এড়াতে লুকিয়ে থাকেন বাসার সিলিংয়ে। যদিও রক্ষা হয়নি তাঁর, বাসায় তল্লাশির ১০ মিনিটের মধ্যেই তাঁকে ধরা পড়তে হয় এসআরবির হাতে।
গতকাল মঙ্গলবার জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনিতে (৪২ কলোনি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় খোরশেদ আলম (৩৫) নামের এই আসামিকে।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এসআরবি অভিযান পরিচালনা করতে আসামি খোরশেদের বাসায় ঢুকলে তিনি বাসার সিলিংয়ের ছাদে আত্মগোপনের চেষ্টা করেন। পরে তাঁকে সেখান থেকে নামিয়ে আনা হয়।
মোসলেহ উদ্দিন আহমেদ আরও বলেন, তল্লাশির সময় আসামি খোরশেদের পরা জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর শোয়ার ঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসদৃশ বস্তু ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।