পলাশে এক্সকাভেটরের চাপায় প্রাণ গেল শ্রমিকের

পলাশে এক্সকাভেটরের চাপায় একজন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার উপজেলার ডাঙ্গা বাজার–সংলগ্ন সড়কে
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় এক্সকাভেটরের (খননযন্ত্র) চাপায় বাচ্চু ফকির (৫৮) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু ফকির পলাশের ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত এক্সকাভেটরচালককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো আজ সকালে কাজের উদ্দেশ্যে হাসানহাটা গ্রামে নিজ বাড়ি থেকে ডাঙ্গা বাজারে যাচ্ছিলেন বাচ্চু ফকির। বেলা সাড়ে ১১টার দিকে বাজারের সামনের ওই সড়ক পার হওয়ার সময় একটি চলন্ত এক্সকাভেটর তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জড়ো হয়ে ওই চালককে আটক করেন।

খবর পেয়ে ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন। পরে তাঁর স্বজনেরা বাচ্চুর লাশ শনাক্ত করেন। এ সময় স্থানীয় লোকজনের হাতে আটক ওই চালককে পুলিশে হস্তান্তর করা হয়।

এএসআই খাইরুল ইসলাম বলেন, নিহত বাচ্চুর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।