তিস্তা সেতু থেকে চালককে নদীতে ফেলে অটোরিকশা ছিনতাই

রংপুরে অটোরিকশা ছিনতাই করে তিস্তা নদীতে ফেলে দেওয়া হয় চালক আসাদুল ইসলামকে
ছবি: সংগৃহীত

তিস্তা সেতুর ওপর থেকে চালককে নদীতে ফেলে দিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে রংপুরের কাউনিয়ায় তিস্তা সড়ক সেতুতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় টহল পুলিশ অটোরিকশার চালক আসাদুল ইসলামকে নদী থেকে উদ্ধার করে দিবাগত রাত ১২টার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আসাদুল কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের মেকড়টারি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

অটোরিকশার চালক আসাদুলের উদ্ধৃতি দিয়ে তিস্তা টোল প্লাজার পুলিশ জানায়, গতকাল রাতে রংপুর নগরের মাহিগঞ্জ সাতমাথা মোড় থেকে তিস্তা যাওয়ার কথা বলে অটোরিকশা ৪০০ টাকায় ভাড়া করেন আট দুর্বৃত্ত। তিস্তা সেতুর মাঝামাঝি পৌঁছালে অটোরিকশা থামাতে বলে। অটোরিকশা থামাতেই দুর্বৃত্তরা সবাই মিলে জোর করে পাঁজাকোলা করে সেতুর রেলিংয়ের ওপর দিয়ে তাঁকে মাঝনদীতে ফেলে দেয়। দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে কয়েকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা অটোরিকশাটি ঘুরিয়ে রংপুরের দিকে চলে যায়। ছিনতাইয়ের ঘটনা বুঝতে পেরে স্থানীয় লোকজন সেতুর টোল প্লাজায় অবস্থানরত টহল পুলিশের সদস্যদের বিষয়টি জানান।

ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে টোল প্লাজায় অবস্থানরত লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) রওশানুল খবিরসহ টহল পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। নৌকায় করে সেতুর নিচ থেকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় অটোরিকশার চালক আসাদুলকে উদ্ধার করা হয়।

এসআই রওশানুল খবির বলেন, অটোরিকশার চালক পানির মধ্যে ব্রিজের পিলার জাপটে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন। দ্রুত তাঁকে নদী থেকে উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এটি সেতুর ওপারে লালমনিরহাট সদর এলাকার। রাতে ঘটনাটি জানার পর কাউনিয়া এলাকায় অভিযান চালালেও অটোরিকশা উদ্ধার করা যায়নি।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম মুঠোফোনে খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, চালক এখনো থানায় অভিযোগ করেননি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।