
দুই মাস বন্ধ থাকার পর আজ রোববার সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়া আহরণ শুরু হয়েছে। দুই মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেরা নৌকা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বনে ঢুকেছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জে নিবন্ধিত নৌকার সংখ্যা ২ হাজার ৯০০। এর মধ্যে ১ হাজার ৬০০টি কাঁকড়া ধরার নৌকা। প্রতিটি নৌকায় তিনজন করে জেলে থাকায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪ হাজার ৮০০। কাঁকড়ার প্রজনন মৌসুম বিবেচনায় বন বিভাগ আগে থেকেই ঘোষণা দিয়ে গত ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়া ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই দুই মাস সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ ছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে কাঁকড়া আহরণ শুরু হয়েছে।