মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গত বছর ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

মাগুরায় করোনার কারণে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থগিত করা হয়েছিল। এরপর ১১ মাস পেরিয়ে গেলেও ওই খেলা আর হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন খেলোয়াড় ও আয়োজকেরা। শিগগিরই ফাইনাল খেলাটি আয়োজন করার দাবি করেছেন তাঁরা।
শেখ কামাল উপজেলা গোল্ডকাপ আন্ত ইউনিয়ন ফুটবল নামে ওই টুর্নামেন্টের আয়োজন করে মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থা। এতে অংশ নেয় সদর উপজেলার ১৩টি ইউনিয়ন। গত বছর ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলার চারটি মাঠে খেলা হয়। টুর্নামেন্টের ফাইনালে ওঠে কুচিয়ামোড়া ও রাঘবদাইড় ইউনিয়ন। চলতি বছরের ৫ জানুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে ওই সময়ে ফাইনাল খেলা স্থগিত হয়ে যায়।
কুচিয়ামোড়া ও রাঘবদাইড় ইউনিয়ন দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, মাঠভরা দর্শক ও জনপ্রিয়তার কারণে টুর্নামেন্টটি মাগুরার বিশ্বকাপ হিসেবে পরিচিতি পেয়েছিল। একটিমাত্র ম্যাচ আয়োজন নিয়ে এমন গড়িমসির কোনো কারণ খুঁজে পান না তাঁরা। বিষয়টি নিয়ে তাঁরা হতাশ।
নাম প্রকাশ না করার শর্তে কুচিয়ামোড়া দলের এক খেলোয়াড় বলেন, ‘এটি উপজেলা গোল্ডকাপের তৃতীয় মৌসুম ছিল। প্রতিটি ম্যাচ চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। মাঠভরা দর্শক ছিলেন। ১১ মাস হয়ে গেল ফাইনাল খেলা হলো না। তাহলে টুর্নামেন্ট আয়োজন করে লাভ কী? এখন নতুন টুর্নামেন্ট হওয়ার কথা, অথচ গতবারের ফাইনালই হয়নি। এটা কর্মকর্তাদের গাফিলতি ছাড়া কিছুই নয়।’
জানতে চাইলে ক্রীড়া সংগঠক বারিক আনজাম বলেন, ‘প্রথম দুই মৌসুম এ টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা হয়েছে। তৃতীয়বারের ফাইনাল আটকে আছে। টুর্নামেন্ট এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এটাকে মাগুরার বিশ্বকাপ বলত কেউ কেউ। নতুন অনেক খেলোয়াড় বেরিয়ে আসছিল এর মাধ্যমে। দ্রুত ফাইনাল খেলার আয়োজন করা হোক, সে দাবি জানাই।’
রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির বলেন, ‘আমাদের খেলোয়াড়েরা প্রায়ই জিজ্ঞেস করে, কবে খেলা হবে। কোনো উত্তর দিতে পারি না। একটা উদ্যোগের শেষ না নামলে তো তার কোনো অর্থ থাকে না। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ২০২১ সালে সে সময়ের ইউএনও ইয়াসিন কবির চতুর্থ মৌসুমের আয়োজন করেন। গত আগস্টে তিনি বদলি হয়ে যান।
এ সম্পর্কে বর্তমান ইউএনও তারিফ-উল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। সম্প্রতি জেলা প্রশাসক স্যারও বদলি হয়েছেন। জেলা প্রশাসক স্যারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’