
মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৭৭ নেতা–কর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান নেতা–কর্মীরা। আদালতে পৃথক জামিন আবেদনের পক্ষে আইনজীবী ফজলুর রহমান ও মো. কামাল হোসেন শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত হোসেনসহ ১৭৭ নেতা–কর্মী আগাম জামিন পেয়েছেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী মো. কামাল হোসেন। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর পুলিশ ও আওয়ামী লীগ নেতার করা পৃথক মামলায় নেতা–কর্মীদের আগাম জামিন চেয়ে ২৭টি আবেদন করা হয়। কেউ কেউ দুই মামলায় আসামি হিসেবে রয়েছেন। পুলিশের করা মামলায় ১৩০ জন এবং আওয়ামী লীগ নেতার করা মামলায় ৪৭ জন নেতা–কর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। নির্ধারিত সময়ের পর তাঁদের মুন্সিগঞ্জের দায়রা আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতা-কর্মী হত্যার বিচার দাবিতে গত ২১ সেপ্টেম্বর বিকেলে মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ চলাকালে গুলিতে গুরুতর আহত যুবদল কর্মী শহীদুল ইসলাম ওরফে শাওন ভূঁইয়া (২২) পরদিন হাসপাতালে মারা যান।
বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় দলটির নেতা–কর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়। এর মধ্যে সরকারি অস্ত্র–গুলি লুট ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে ৩১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানার এক উপপরিদর্শক (এসআই) একটি মামলা করেন। অন্যদিকে মুক্তারপুরে শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধর করে গুরুতর জখম করার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন মুক্তারপুর বাগবাড়ি এলাকার বাসিন্দা ও শ্রমিক লীগের নেতা আবদুল মালেক।