
ঝালকাঠির নলছিটিতে একটি দিঘি থেকে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা গ্রামের মন্দিরা দিঘি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই জেলের নাম কবির উদ্দিন হাওলাদার (৪০)। তিনি সরমহল এলাকার ফয়েজ আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ভোরে কবির ছিপ নিয়ে মাছ ধরতে বের হন। এরপর সকাল ১০টার দিকে ফয়রা গ্রামের মন্দিরা দিঘিতে কয়েকজন গাছ কাটতে যান। এ সময় তাঁরা ওই দিঘিতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নলছিটি থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবিরের লাশ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, নিহত কবিরের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।