ধর্ষণ
ধর্ষণ

পিরোজপুরে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পিরোজপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশী বৃদ্ধকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পিরোজপুর পৌরসভার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের ঘটনার সময় হাতেনাতে ওই বৃদ্ধকে আটক করা হয়। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে ভুক্তভোগী কিশোরীটি নদীর পাড়ে বকুল ফুল আনতে যায়। তখন ওই বৃদ্ধ তাকে কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরীর চিৎকার শুনে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী কিশোরীকে থানায় নেওয়ার পর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় কিশোরীর মা লিখিত অভিযোগ দিলে পরে তা মামলা হিসেবে নেওয়া হয়।

কিশোরীর মা প্রথম আলোকে বলেন, সকালে তাঁর মেয়ে ব্রাশ করতে করতে নদীর পাড়ে ফুল তুলতে যায়। তখন প্রতিবেশী ওই ব্যক্তি তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখিয়ে মারধরের চেষ্টা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সত্যতা যাচাই করে মামলা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।