
চলচ্চিত্রে প্রায়ই দেখা যায়, প্রেম করে বিয়ে। তারপর বিচ্ছেদের আঘাত সহ্য করতে না পেরে নায়ক অথবা নায়িকা স্মৃতি হারিয়ে ফেলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরতে থাকেন পথে পথে। হঠাৎ একদিন আরেকটা আঘাতে ফিরে আসে স্মৃতিশক্তি।
রাজশাহীর পবা উপজেলার বেবী খাতুনের জীবনের গল্পটা এমন সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। প্রেম করে বিয়ে করেছিলেন। ছয় মাসের মাথায় ঘটে বিচ্ছেদ। সইতে না পেরে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারান। এরপর ১৩ বছর পথে পথে ঘুরেছেন। হঠাৎ এক রিকশাওয়ালা তাঁর মাথায় ইট ছুড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় কোনো এক ব্যক্তি তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসায় শারীরিকভাবে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর স্মৃতিও ফিরে আসে। বেবী খাতুন স্বাভাবিক কথা বলছেন। নিজের বাড়িতে ফিরে গেছেন।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ৪১ বছর বয়সী বেবী খাতুনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কুখন্ডি গ্রামে। তাঁর বাবার নাম মেহের মোল্লা। ১১ ভাইবোনের মধ্যে বেবী খাতুন অষ্টম। তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। দরজির কাজ জানেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি বেবী খাতুনকে চিকিৎসা দিয়েছেন মনোরোগ বিভাগের চিকিৎসক জসীম উদ্দিন। স্মৃতি ফিরে পাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সিনেমায় এ রকম দেখা যায় যে আঘাতের পর স্মৃতি হারিয়ে ফের আঘাত পেয়ে স্মৃতি ফিরে পায়, কিন্তু এটা বাস্তবে হয় না। বেবীর ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা কাকতালীয়। চিকিৎসায় বেবী খাতুন সুস্থ হয়েছেন। সেই সঙ্গে স্মৃতি ফিরে পেয়েছেন। এর সঙ্গে আঘাতের কোনো সম্পর্ক নেই। এটাকে ‘কো-ইনসিডেন্ট’ বলা হয়।
বেবী খাতুনের বড় বোন জিনাহার বেগম জানান, প্রায় ১৯ বছর আগে একই উপজেলার পারিলা গ্রামের সাইফুল ইসলাম নামের এক যুবকের সঙ্গে তাঁর বোনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের পক্ষ থেকে তাঁদের বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় স্বামী তাঁকে তালাক দেন। বেবী খাতুন আদালতে মামলা করেন। সাইফুল ইসলামকে আদালত কারাগারে পাঠান। মায়া ছাড়তে না পেরে বেবী খাতুন কারাগারে সাইফুলকে দেখতে যান। সাইফুল কাকুতি-মিনতি করে বেবীকে বোঝান, মামলা তুলে নিলে তিনি আবার তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। সরল বিশ্বাসে বেবী মামলা তুলে নেন। কিন্তু সাইফুল আর তাঁকে মেনে নেন না।
এরই মধ্যে একদিন বেবী নিজেই সাইফুলের বাড়িতে গিয়ে ওঠেন। সাইফুল পুলিশ ডেকে বেবীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। তারপর থেকে বেবী খাতুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি স্মৃতি হারিয়ে কাউকে চিনতে পারেন না। একপর্যায়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যান। দীর্ঘদিন পরে পরিবারের লোকজন খোঁজ পান বেবী রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। রাস্তায় বসে থাকেন। পরিবারের কাউকে চিনতে পারতেন না। কিছুতেই তাঁকে বাড়িতে ধরে আনা যায়নি। ধরতে গেলে উন্মাদের মতো আচরণ করতেন।
সর্বশেষ প্রায় দুই বছর ধরে বেবী খাতুন রাজশাহী নগরের বোয়ালিয়া থানার পূর্ব পাশের রাস্তার পাশে বসে থাকতেন। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সারাক্ষণ একটা পোঁটলা বেঁধে রাখতেন। তাতে তাঁর কাপড়চোপড় আর কম্বল বেঁধে রাখতেন। বৃষ্টি হলেও তিনি সেখান থেকে একটুও নড়তেন না। আর কড়া রোদ উঠলেও সরে যেতেন না। মড়ার মতো পড়ে থাকতেন। যখন উঠে বসতেন, তখন অজ্ঞাতনামা কোনো এক নারীর উদ্দেশে গালাগাল করতেন। কখনো কখনো পথচারীকে ইট ছুড়েও মারতে দেখা যেত। এ জন্য অনেকেই ওই পথে যেতে বিব্রত হয়েছেন।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে তাঁকে আর এই রাস্তায় দেখা যায়নি। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আলিয়া আক্তারের কাছ থেকে জানা যায়, বোয়ালিয়া থানার পাশে বসে থাকা মানসিক ভারসাম্যহীন মেয়েটি স্মৃতি ফিরে পেয়েছেন। তিনি বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
আলিয়া আক্তার হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাতনামা রোগীদের দেখাশোনা করেন। সুস্থ হলে ঠিকানা খুঁজে বের করে তাঁকে বাড়িতে পৌঁছে দেন। প্রায় ২০ বছর ধরে তিনি এই সেবামূলক কাজ করেন। তিনি জানান, কোনো একজন রিকশাওয়ালা বেবী খাতুনের মাথায় ইট ছুড়ে মেরেছিলেন। তারপর ইনফেকশন হয়ে তাঁর অবস্থার অবনতি হলে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁকে হাসপাতালে দিয়ে যান। চিকিৎসায় সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্মৃতিও ফিরে পেয়েছেন। সুস্থ হওয়ার পর তিনি বাসায় যাওয়ার জন্য ছুটি চাচ্ছিলেন। অভিভাবক ছাড়া ছুটি দেওয়া যাবে না বললে, বেবী বাড়িতে গিয়ে তাঁর দুই বোন জিনাহার বেগম ও সাবিনা বেগমকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন। সাবিনা বেগম রেজিস্টারে সই করে বোন বেবী খাতুনকে বুঝে নেন। ১১ নভেম্বর তাঁদের ছুটি দেওয়া হয়।
আলিয়ার কাছ থেকে খবর পেয়ে বুধবার (১৮ নভেম্বর) সকালে পবা উপজেলার কুখন্ডি গ্রামের বেবী খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায়, দুই বোনের সঙ্গে তিনি চিকিৎসা সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যাওয়ার জন্য বের হয়েছেন। কথা বলতে গিয়ে একটু দেরি দেখে বেবী কিছুক্ষণ পরপর বলছেন, ‘বুবু চলো’, ‘বুবু চলো’।
কীভাবে এত দিন পর বাড়ির ঠিকানা খুঁজে বের করলেন, জানতে চাইলে বেবী বললেন, হাসপাতাল থেকে বোয়ালিয়া থানায় আসেন। যে পুলিশ তাঁকে খাবার দিতেন, তিনি বাড়ি যাওয়ার জন্য তাঁকে ২০০ টাকা দেন। দুজন ছেলে পাশেই ডিশের লাইনের কাজ করছিলেন। তাঁদের বললে, তাঁরা একটা ভ্যান ঠিক করে তাঁকে নিয়ে বাড়িতে আসেন।
বেবীর বোন সাবিনা বলেন, ওই ছেলেরা এর আগে বেবীকে বসে থাকতে দেখত। কোনো দিন কথা বলতে পারেনি। সেদিন হাত ইশারায় ডাকতে দেখে তারা কাছে আসে। বাড়ির ঠিকানা বললে তারা পৌঁছে দেয়। তবে কোন পুলিশ খাবার দিতেন, বেবী তাঁর নাম বলতে পারেননি। তবে দেখলে চিনতে পারবেন বলে জানান।