দিনাজপুরে সুধী সমাবেশ

‘প্রথম আলো পাঠকদের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষা পূরণ করে যাচ্ছে’

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে আয়োজিত সুধী সমাবেশে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছেন একজন অতিথি। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

শিক্ষা-সংস্কৃতি, খেলাধুলা-বিনোদন, দুর্নীতি, দুর্ভোগের খবরসহ সব বিষয়ে প্রথম আলো পাঠকদের চাহিদা ও আশা–আকাঙ্ক্ষা পূরণ করে যাচ্ছে বলে মনে করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যাপক কান্তা রায়।

তিনি বলেন, ‘ঘুম থেকে উঠে প্রথম আলো হাতে নিই। মেয়ের পছন্দ ‘নকশা’ আর ‘অধুনা’ পাতা। আমার পছন্দ ‘স্বপ্ন নিয়ে’ পাতাটি। শুরু থেকে এখন পর্যন্ত ‘স্বপ্ন নিয়ে’ পাতার প্রায় সব কটি সংখ্যা সংগ্রহেও রেখেছি।’

শুক্রবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রশ্নোত্তরপর্বে এ কথা বলেন তিনি। এদিন বেলা তিনটায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের মধ্য দিয়ে সুধী সমাবেশ শুরু হয়।

অনুষ্ঠানে প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলামের স্বাগত বক্তব্যের পর প্রথম আলো চর ও কুষ্টিয়ায় অবস্থিত দেশের প্রথম ছাপাখানা নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। প্রথম আলো বন্ধুসভার সদস্যদের উপস্থাপনায় প্রায় ২০০ পাঠক–সুধী সমাবেশে অংশ নেন।

অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘নানামুখী চ্যালেঞ্জ অতিক্রম করে মানুষের মুখপাত্র হয়ে টিকে আছে প্রথম আলো। আমরা কারও দিকে না তাকিয়ে সঠিক সাংবাদিকতা ও সত্য প্রকাশ করে যাব, যেটা প্রতিষ্ঠাকাল থেকে করে আসছি। আর এটা সম্ভব হয়েছে পাঠকদের অকুণ্ঠ ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণায়। পাঠকদের এই ভালোবাসা না থাকলে পত্রিকা টিকিয়ে রাখা বেশ কষ্টসাধ্য হতো।’

উত্তরাঞ্চলে প্রথম আলোর পাঠকসংখ্যা বেশি মন্তব্য করে সাজ্জাদ শরিফ বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা আছে। তারা দেশকে জানতে চায়, বুঝতে চায়। আমরাও নিয়মিতভাবে প্রান্তিক মানুষের সুখ-দুঃখের কথা পত্রিকায় তুলে ধরার জন্য কাজ করছি। দেশে অনলাইন মিডিয়া ও পত্রিকার সংখ্যা বাড়ছে। সে জন্য সরকার বলছে, দেশের মানুষের বাক্‌স্বাধীনতা আছে। কিন্তু পত্রিকার সংখ্যা হিসাব করে সংবাদপত্র বা মানুষের বাক্‌স্বাধীনতা পরিমাপ করা যায় না।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পাঠকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক। শিক্ষক মাসুদ মোস্তাফিজ জানতে চান, প্রথম আলোর বানানরীতির সঙ্গে বাংলা একাডেমির বানানরীতির অনেকাংশে মিল পাওয়া যায় না। এটা কেন? সাহিত্য পাতায় লেখা বাড়ানোসহ নতুন লেখকদের লেখা ছাপানোর আহ্বান জানান তিনি।

শ্রমিকনেতা আনোয়ার হোসেন বলেন, শ্রমজীবী মানুষের বর্তমানে আয়রোজগার কমে গেছে। তাঁরা ভালো নেই। প্রথম আলোর তাঁদের কথা আরও বেশি তুলে ধরে উচিত। এ ছাড়া ‘স্থানীয় সংবাদগুলো কম প্রকাশ হয় কেন’, ‘শ্রমজীবী মানুষদের নিয়ে ধারাবাহিক লেখা চাই’, ‘শিক্ষক ও শিক্ষা বিষয়ে আলাদা পাতা চাই’, ‘প্রথম পাতায় বিজ্ঞাপন বেশি দেওয়া হয় কেন?’, ‘বেকার জনগোষ্ঠী নিয়ে প্রথম আলো কী ভাবছে’—পাঠকদের এমন নানা প্রশ্নে জমজমাট ছিল পর্বটি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাহনাজ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রথম আলো ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের কর্মকর্তা শুভাশিষ প্রামাণিক, প্রথম আলোর আঞ্চলিক কর্মকর্তা ইমরান আলীসহ বন্ধুসভার সদস্যরা।