নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি পোশাক কারখানার গুদাম থেকে আজ ভোরের দিকে ধোঁয়া বের হতে দেখা যায়
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি পোশাক কারখানার গুদাম থেকে আজ ভোরের দিকে ধোঁয়া বের হতে দেখা যায়

আদমজী ইপিজেডে পোশাক কারখানার গুদামে আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুন লাগে।

আজ বুধবার ভোর চারটার দিকে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গুদামে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্য মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগুন লাগার পরমুহূর্তেই তা গুদামের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও আটটি ইউনিট যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অনন্ত অ্যাপারেলস লিমিটেড কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

কারখানার কয়েকজন শ্রমিক বলেন, ভোরের দিকে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। পরে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান বলে জানান আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া। তিনি বলেন, পরে আশপাশের আরও আটটি ইউনিট যোগ দিলে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন জানান, কাপড়ের গুদাম হওয়ায় কিছু জায়গায় এখনো অল্প অল্প আগুন জ্বলছে। তবে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। গুদামটি ছিল স্টিলের কাঠামোর সেমি পাকা ভবন। ভেতরে কাপড়ের রোল রাখা ছিল। আগুনের তাপে ভবনের স্টিলের কাঠামোর একটি অংশ ধসে পড়ে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।