অবৈধভাবে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বসতঘর। সম্প্রতি রচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়
অবৈধভাবে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বসতঘর। সম্প্রতি রচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়

এক দিনে জঙ্গল সলিমপুরের ৬৪ দলিল নিবন্ধন, সেই সাবরেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৪ জমির দলিল এক দিনে নিবন্ধন (রেজিস্ট্রি) করে দেওয়ার ঘটনায় সাবরেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা আদেশে এ তথ্য জানানো হয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাবরেজিস্ট্রার রেজাউল করিম বকসু। তিনি আজ বুধবার প্রথম আলোকে বলেন, রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সীতাকুণ্ডের সাবেক সাবরেজিস্ট্রার (বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরের সাবরেজিস্ট্রার) রায়হান হাবীবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তাঁকে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত রাখা হবে। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জঙ্গল সলিমপুরের মোট ৭৪টি দলিলের মাধ্যমে জমি বিক্রি ও রেজিস্ট্রি করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর এক দিনেই ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবিব। পরে ২৮ অক্টোবর বিষয়টি জানাজানি হলে হাবিবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসন সূত্র আরও জানায়, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রি করেছেন র‌্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন। সলিমপুর মৌজার বিভিন্ন দাগের এসব জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন তিনি।

চলতি বছরের ৯ মার্চ প্রথমবারের মতো সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেন। এর আগে বিভিন্ন সময় চেষ্টা করেও এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি। বরং অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। ওই অভিযানের পর থেকে ইয়াসিনসহ অন্য সন্ত্রাসীরা পলাতক। পরে জঙ্গল সলিমপুরের এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকি স্থাপন করা হয়েছে। বর্তমানে জঙ্গল সলিমপুরে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত পরিকল্পনা করছে সরকার।

চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকে একটি সড়ক পাহাড়ের ভেতরে চলে গেছে। সেই পথেই জঙ্গল সলিমপুরের শুরু। এলাকাটি মূলত জঙ্গল সলিমপুর ও আলীনগর—এই দুই অংশে বিভক্ত।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখানে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী। আলীনগর দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন ও তাঁর বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সেখানে পুলিশের অভিযানের পর ইয়াসিন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।

এদিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও স্থানান্তর করা হবে। এ জন্য জমি দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি জঙ্গল সলিমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণের জন্যও জায়গা নেওয়া হয়েছে। গত ৮ অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে এ কাজ হচ্ছে। সভায় ওই কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকার বিভিন্ন মৌজায় সরকারি জমি রয়েছে। এসব জমি পাহাড় শ্রেণির হোক বা খাসজমি—সবকিছু সুশাসনের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জন্য জঙ্গল সলিমপুরে ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জঙ্গল সলিমপুরের অবৈধ বসতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময় সেখানে যাঁরা অবৈধভাবে বসতি স্থাপন করেছেন, তাঁদের কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই এলাকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানও পরিচালনার আওতায় আনা হবে। তিনি বলেন, সবকিছু একটা সুশাসনের মধ্যে নিয়ে এসে ওই জায়গাটি যে একটা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, সেখান থেকে ওই জায়গাটিকে মুক্ত করা হবে এবং একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।