ওয়াকিটকি হাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে একটি চায়ের দোকান থেকে এক তরুণকে ধরে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁকে চ্যালেঞ্জ করে খবর দেয় থানায়। থানা থেকে পুলিশ এসে নিশ্চিত করেন হাতে ওয়াকিটকিসহ ওই ব্যক্তি একজন প্রতারক। আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে।
গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের কনফিডেন্স সিমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুয়া পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবদুল করিম। তাঁর বাড়ি বগুড়া জেলায়। পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে রাতেই তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ওই ব্যক্তি প্রায় ১০ দিন ধরে পুলিশ পরিচয়ে স্থানীয় মানুষদের হয়রানি ও টাকা আদায় করে আসছিলেন। গত শনিবারও স্থানীয় এক যুবককে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যান। পরে তিন হাজার টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেন। সীতাকুণ্ড থানায় কর্মরত একজন উপপরিদর্শকের নাম ব্যবহার করতেন তিনি। এ বিষয়ে ওই উপপরিদর্শকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তাঁর নাম ব্যবহার করে কোনো প্রতারক এ ঘটনা ঘটিয়েছে।
ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ওই প্রতারক গতকাল রাতে একটি চায়ের দোকান থেকে আরেক তরুণকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে জানান। তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে ওই প্রতারককে ধরে তাঁর কার্যালয়ে নিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি একজন প্রতারক। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।