সখীপুরে বীর মুক্তিযোদ্ধার পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে একঘরে করার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যদের আমরণ অনশন। শুক্রবার সকালে সখীপুর প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের জামাতার বিরুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সাত মাস ধরে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে সখীপুর প্রেসক্লাবের সামনে ওই মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের পাঁচ সদস্য আমরণ অনশনে বসেন। বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে তিনি কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন।

অনশনে বসা ওই বীর মুক্তিযোদ্ধার নাম তোরাব আলী। তিনি সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুজিব কলেজ মোড় এলাকার বাসিন্দা। প্রতিবেশী এক নারীর বাড়িতে হামলা ও মারধরের প্রতিবাদ করায় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের জামাতা শেখ ফরিদ মসজিদভিত্তিক সমাজ থেকে তাঁর পরিবারকে একঘরে করার অভিযোগ করেন তিনি। ওই এলাকার মসজিদভিত্তিক সমাজের সভাপতি শেখ ফরিদ।

বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী জানান, সাত থেকে আট মাস আগে শেখ ফরিদ ও তাঁর অনুসারীরা হাসিনা আক্তার নামের এক নারীর বাড়িতে হামলা করেন। ওই নারী প্রতিবেশী হওয়ায় তিনি হামলার প্রতিবাদ করেন। এতে শেখ ফরিদ তাঁর ওপর ক্ষিপ্ত হন। এরপর মসজিদে তাঁর পরিবারকে একঘরে করার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া তাঁর পরিবারের সঙ্গে কথা বলা ও তাঁর দোকান থেকে মালামাল কিনতে এলাকাবাসীকে নিষেধ করা হয়।

অনশনরত অবস্থায় তোরাব আলী বলেন, কোরবানির ঈদের দিন সামাজিকভাবে গোশত বিতরণ থেকেও তাঁকে বঞ্চিত করা হয়। এমনকি শুক্রবার মসজিদে মান্নতের শিরনিও তাঁকে দেওয়া হয় না। তাঁর দাবি, বীর মুক্তিযোদ্ধা ভাতা না পেলে তাঁকে না খেয়ে মরতে হতো। তিনি অভিযোগ করে বলেন, গত ছয় মাস সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমনকি সংসদ সদস্যের কাছে গিয়েও তিনি বিচার পাননি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরণ অনশনে বসেছেন।

অনশনে তোরাব আলীর স্ত্রী, দুই মেয়ে ও নাতনি অংশ নেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন সেখানে গিয়ে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে তিনি কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন।

তবে বীর মুক্তিযোদ্ধা তোরাব আলীকে একঘরে করে করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন শেখ ফরিদ। তিনি প্রথম আলোকে বলেন, তিনিই সমাজের ৫০-৬০ জনের নামে মিথ্যা মামলা করেছেন। মামলার কারণে সামাজিকভাবে সবার সিদ্ধান্তে মাস ছয়েক আগে সমাজের সদস্য থেকে তাঁর নামটি কেটে দেওয়া হয়। একঘরে করে রাখা হয়নি। মিথ্যা অপবাদ দিয়ে অনশন করায় আগামীকাল শনিবার তাঁরা সংবাদ সম্মেলন করবেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গনি প্রথম আলোকে বলেন, সবাইকে নিয়ে সামাজিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

এ বিষয়ে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার মীমাংসার জন্য বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আমার বাসায় এসেছিলেন। বিষয়টি মীমাংসার জন্য সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওসমান গনিকে দায়িত্ব দিয়েছিলাম।’

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েকবার মীমাংসার উদ্যোগ নিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত মীমাংসা করতে পারিনি।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, মেয়র মহোদয়কে নিয়ে আজকালের মধ্যে সামাজিকভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। মামলার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় দুই পক্ষই আদালতে পাল্টাপাল্টি একাধিক মামলা করেছে।