টাঙ্গাইল শহরে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিলে হামলায় দলটির সাত নেতা–কর্মী আহত হয়েছেন। আজ বুধবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল গেটের পাশে এ হামলার ঘটনা ঘটে। বিএনপির ওই অংশের নেতা–কর্মীরা অভিযোগ করেন,আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা করেছেন এ হামলা চালিয়েছেন।
হামলার পর টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ওই অংশের নেতা–কর্মীরা অভিযোগ করেন, টাঙ্গাইল পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এ কর্মসূচির আয়োজন করেন।
হামলার পর টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ওই অংশের নেতা–কর্মীরা অভিযোগ করেন, তাঁরা বেলা ১১টার টিকে শহরের শামছুল হক গেটের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে মিছিল নিয়ে ডায়াবেটিক হাসপাতাল সড়ক হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের পাশে সমাবেশ করেন। এ সময় টাঙ্গাইল পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
এ হামলায় দাইন্যা ইউনিয়ন যুবদল নেতা ইসমাইল হোসেন, ছাত্রদল নেতা মো. মামুন ও শ্রমিক দল নেতা মো. আল-আমিন গুরুতর আহত হয়েছেন। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ওই হামলায় আহত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক মোমেনুল হক খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক, সদস্য জিয়াউল হক, আশরাফ পাহেলী, শফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে সদর উপজেলা বিএনপি ও টাঙ্গাইল শহর বিএনপি শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বেবিস্ট্যান্ড এলাকায় পুলিশের বাধায় পড়লে সেখানেই সমাবেশ করে।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, টাঙ্গাইল জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল, আবুল কাশেম, শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহীন আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুর রউফ, শহর বিএনপির সদস্যসচিব ইজাজুল হক, জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্যসচিব আবদুল বাতেন প্রমুখ। সভা পরিচালনা করেন শহর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান।
প্রসঙ্গত, ৫ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। এতে আগের কমিটির আহ্বায়ক আহমেদ আযম খানকে আবারও আহ্বায়ক করা হয়। কিন্তু কমিটিতে আগের কমিটির সদস্যসচিব, দলের জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হকসহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা ওই কমিটি থেকে বাদ পড়েন। এর পর থেকে বাদ পড়া নেতারা তাঁদের অনুসারীদের নিয়ে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছেন।