আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইলেন দুই সংসদ সদস্য

রাজবাড়ী জেলার মানচিত্র
রাজবাড়ী জেলার মানচিত্র

জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্যরা কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবেন না। কিন্তু এ আচরণবিধির তোয়াক্কা না করেই রাজবাড়ীর দুই সংসদ সদস্য রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের কাছে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে ভোটারদের নিয়ে এক আলোচনা সভায় তাঁরা ভোট চান। পরে সেখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধির ২২ নম্বর ধারা অনুযায়ী সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু এই বিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম ভোট চেয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধির ২২ নম্বর ধারা অনুযায়ী সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু এই বিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম ভোট চেয়েছেন।

সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। সেটা হলো ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ভোট লাগে। ইউনিয়ন পরিষদের সদস্যরা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন। কিন্তু তাঁদের তেমন ফান্ড থাকে না। ইউনিয়ন পরিষদের সদস্য, পৌরসভার কাউন্সিলর ও চেয়ারম্যানদের বিষয়টি দেখতে হবে। এক প্রার্থী বহরপুর ইউনিয়নে গেছেন। ইউপি সদস্যদের ডেকে এনে দুই হাজার করে টাকা দিয়েছেন। পরে তাঁরা এসে বলছেন, আমাদের টাকা দিল নিলাম। তবে আমরা ভোট তালগাছেই দেব।’

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন লড়াই করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ তালগাছ প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী আনারস প্রতীক ও দীপক কুন্ডু মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংসদ সদস্য জিল্লুল হাকিমের বক্তব্যের ভিডিও ধারণ করার একপর্যায়ে সাংবাদিকদের বাধা দেন দুজন। তাঁদের মধ্যে একজনের নাম মিজানুর রহমান। তিনি সংসদ সদস্য জিল্লুল হাকিমের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ভিডিও ধারণ করার সময় তিনি এই প্রতিবেদকের দিকে তেড়ে এসে বলেন, ‘আমাকে চেনেন না। আমি আওয়ামী লীগ করি। আমার বিরুদ্ধে তো অনেক করেছেন। অনেক বাঁশ দিয়েছেন। এবার যা পারেন, করেন। এটা আমাদের প্রোগ্রাম। ভিডিও করা যাবে না। আপনারা এখান থেকে যান।’ এ সময় কয়েকজন নেতা-কর্মী তাঁকে শান্ত করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগের বিষয়ে সংসদ সদস্য জিল্লুল হাকিম বলেন, এটা গণভোট নয়। এ কারণে ভোট চাওয়ার সুযোগ আছে। ভিডিও ধারণ করতে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য বলেন, ‘ভিডিও ধারণ করতে বাধা দেওয়ার বিষয়টি আমার নলেজে নেই।’

এ বিষয়ে চেষ্টা করেও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর বক্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান বলেন, এ নির্বাচনে সংসদ সদস্যদের কোনো প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

গতকাল জেলা আওয়ামী লীগের ওই সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ (তালগাছ প্রতীক), জেলা পরিষদের প্রশাসক ফকীর আবদুল জব্বার প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

ভিডিও ধারণ করতে বাধা ও হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি খান মো. জহুরুল হক, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী।