মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারকালে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে বিজিবির সদস্যরা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তাঁরা।
বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে বলে তথ্য পায় টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন। উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত তল্লাশিচৌকির ৫০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে লবণের মাঠ দিয়ে এই চালানটি আসার কথা। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর ও খারাংখালী চৌকির দুটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
পরে শনিবার রাত আনুমানিক তিনটার দিকে বিজিবির টহল দল দুজন ব্যক্তিকে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে লবণ মাঠের দিকে আসতে দেখে। ওই ব্যক্তিদের দেখামাত্রই বিজিবির টহল দল তাঁদের ধরার জন্য এগিয়ে যেতে থাকে। কিন্তু ওই দুই ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে নাফ নদীতে ঝাঁপ দেন এবং মিয়ানমারের ভেতরে নাকফোঁড়া দ্বীপের দিকে পালিয়ে যান। এ সময় গামছা দিয়ে মোড়ানো দুটি পোঁটলা ফেলে যান তাঁরা।
টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাঁদের ফেলে যাওয়া পোঁটলা দুটি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা পোঁটলার ভেতর থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধার করা মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা বড়ি বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সবার উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।