শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ ও প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আজ সকালে হবিগঞ্জের বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ ও প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আজ সকালে হবিগঞ্জের বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে

হবিগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতীদের সংবর্ধনা চলছে

হবিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলার ঐতিহ্যবাহী বসন্তকুমারী-গোপাল চন্দ্র বালিকা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসব শুরু হয়। উৎসবের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন হবিগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

কুয়াশা আর শীত উপেক্ষা করে আজ সকাল থেকে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া প্রায় ৭০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার মিরাশি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে তাছমিয়া আক্তার। সে জানায়, এলাকা থেকে বন্ধুদের সঙ্গে এসেছে। এখানে এসে বিভিন্ন এলাকার নতুন বন্ধুদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছে। সংবর্ধনায় এসে তার বেশ ভালো লাগছে।

সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। আজ সকালে হবিগঞ্জের বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দল বেঁধে সেলফি তুলছে তারা। হবিগঞ্জ শহরের বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে

কৃতী এই শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য জহিরুল হক, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুন, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, প্রথম আলোর মানবসম্পদ বিভাগের প্রধান শামীম খান ও প্রথম আলো প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এ বি এম খায়রুল কবির। এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান।