
ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে শ্লীলতাহানি করে তাঁর বাসা ও দোকান দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে নান্দাইল পৌর শহরের পুরান বাজারের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ওই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ওই বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর এক স্বজন। এ সময় বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ওই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বলেন, নান্দাইল পুরান বাজারে তাঁদের বাসা ও দোকান অবস্থিত। ওই জমি নিয়ে নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া মহল্লার বাসিন্দা মৃত আবদুল জব্বার সরকারের ছেলে ওয়াহিদ সরকারের সঙ্গে নান্দাইল জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি প্রি-অ্যাম্পশন মোকাদ্দমা চলমান। এ অবস্থায় গত শুক্রবার সকালে ওয়াহিদ সরকার লাঠিসোঁটাসহ লোকজন নিয়ে তাঁদের বাসা ও দোকান দখলের চেষ্টা করেন। এ সময় নিজের ও স্বামীর পরিচয় দিয়ে তাঁদের আদালতের আদেশ নিয়ে আসতে বলেন। তখন ওয়াহিদ শরীরে ধাক্কা দিয়ে জোর করে বাসায় ঢুকতে চান। অকথ্য ভাষায় তাঁকে গালাগাল করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন দিয়ে হামলার কথা জানালে নান্দাইল মডেল থানা থেকে পুলিশ এলে হামলাকারীরা চলে যান।
ওই বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই বলেন, বিষয়টি এখনো আদালতে নিষ্পত্তি হয়নি। তবু ওয়াহিদ সরকার আদালতের রায় পেয়েছেন দাবি করে লোকজন নিয়ে জোর করে বাসা ও দোকান দখলের চেষ্টা করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে শ্লীলতাহানি করেছেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
অভিযোগের বিষয়ে ওয়াহিদ সরকার দাবি করেন, আদালতের রায় তাঁর পক্ষে গেছে। তাই তিনি বাসা ও দোকানের দখল ছেড়ে দেওয়ার কথা জানাতে প্রতিপক্ষের কাছে গিয়েছিলেন। তিনি কারও শ্লীলতাহানি করেননি।
বীর মুক্তিযোদ্ধার ভাতিজা বলেন, আদালতে আইনি লড়াই এখনো শেষ হয়নি। অথচ ওয়াহিদ রায় পেয়েছেন বলে দাবি করছেন। তিনি রায় পেলেন অথচ একটি পক্ষ কিছুই জানল না। এটা কেমন কথা! এ ছাড়া ওয়াহিদ সরকার তো কাউকে জোর করে উচ্ছেদ করার ক্ষমতা রাখেন না। আইন তাঁকে এ ক্ষমতা দেয়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছিল। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য বিষয়টি নজরদারিতে রেখেছে পুলিশ।