পৌর এলাকায় ৮৬ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ২৯ কিলোমিটার পয়োনিষ্কাশনের জন্য নালা রয়েছে।
মাদারীপুর পৌরসভার ব্যস্ততম সড়ক চাঁনমারি মসজিদ থেকে কাজির মোড়। ‘শহীদ বাচ্চু’ নামে পরিচিত সড়কটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। পুরো সড়কটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। বৃষ্টি হলে সড়কে পানি জমে থাকে। বিভিন্ন প্রয়োজনে দিনে চার থেকে পাঁচবার এ সড়কে যাতায়াত করেন পুরানবাজার এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৫)।
দুর্ভোগ ও ভোগান্তির কথা জিজ্ঞাসা করলে সাইফুল ইসলাম বলেন, পুরো সড়কটাই ভাঙাচোরা। বৃষ্টি হলে জমে থাকা পানি রাস্তা থেকে সহজে নামে না।
শহীদ বাচ্চু সড়কের মতো একই দশা ডাক্তার অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভূঁইয়া সড়ক, হামিদ আকন সড়কসহ পৌরসভার বেশির ভাগ সড়ক। সড়কগুলোর বিভিন্ন স্থানে খানাখন্দ ও পয়োনিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জমে থাকে পানি। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পৌরসভার নয়টি ওয়ার্ডের বাসিন্দারা।
১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার আয়তন সাড়ে ১৪ বর্গকিলোমিটার। ১৯৯১ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় ২ লাখ মানুষের বসবাস। পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকায় ৮৬ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ছোট-বড় ও মাঝারি সড়কের সংখ্যা ২৩৫। পৌর সড়কের মাত্র ২৯ কিলোমিটার পয়োনিষ্কাশনের জন্য নালা রয়েছে।
পৌরসভার ব্যস্ততম সড়কগুলোর মধ্যে রয়েছে শহীদ বাচ্চু সড়ক, ডাক্তার অখিল বন্ধু সড়ক, শহীদ মানিক সড়ক, মন্টু ভূঁইয়া সড়ক, হামিদ আকন সড়ক, পুরান বাজার সড়ক, চরমুগরিয়া বাজার সড়ক ও ইউআই স্কুল সড়ক। এগুলোসহ অন্তত ১৫টি সড়ক ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কের অবস্থা নাজুক। সড়কগুলোয় বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির পানি জমে আছে বিভিন্ন স্থানে। ভোগান্তি ও দুর্ভোগ মাথায় নিয়ে প্রতিনিয়ত হাজারো পথচারী ও যানবাহন চলাচল করছে।
তবে পৌরসভার ১ ও ২ নম্বর শকুনি সড়ক, কলেজ রোড সড়ক, জেলা ফুড অফিস সড়ক, চরমুগরিয়া স্বর্ণকারপট্টি সড়ক, চরমুগরিয়া কালীবাড়ি সড়ক, মার্চেন্টস উচ্চবিদ্যালয় সড়ক, ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সড়ক ভালো রয়েছে।
ডাক্তার অখিল বন্ধু সড়কে কথা হয় ইজিবাইকচালক সালমান চোকদারের সঙ্গে। তিনি বলেন, ‘শহরের দুই–চারটা রাস্তা ছাড়া সবই খারাপ। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে থাকায় বেশি কষ্ট হয়। আর শুকনা মৌসুমে ধুলাবালির যন্ত্রণা সহ্য করতে হয়। রাস্তাঘাট ঠিক না হলে গাড়ি চালানো কষ্টকর। পথে দুর্ঘটনা ঘটে, টায়ার নষ্ট হয়ে যায়।’
পৌরসভার তরমুগরিয়া এলাকার রড–সিমেন্টের ব্যবসায়ী নুরে আলম বলেন, শহরের বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এমন একটি সড়কও ভালো নেই। সবই ভাঙাচোরা। সড়কে যে গাড়িগুলো হেলেদুলে চলে তাতে উঠলে নাজেহাল অবস্থায় পড়তে হয়।
মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ফাতেমা ফেরদৌস। প্রতিদিনই ইউআই স্কুল সড়কটি ব্যবহার করে কলেজে যান তিনি। এ সড়কে বৃষ্টি হলেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। দুর্ভোগের কথা বলতেই তিনি বলেন, ‘আমাদের রাস্তাটা খুবই বাজে অবস্থা। ভাঙা তো আছেই, সেই সঙ্গে পানি জমে থাকে। রাস্তায় হাঁটা যায় না।’
পৌরসভা সূত্রে জানা যায়, ভূমি কর, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন খাতে প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকা আয় হয়। গত ৫ বছরে বিভিন্ন প্রকল্পে প্রায় ৭০ কোটি টাকা উন্নয়নকাজে ব্যয় করা হয়েছে।
মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সদস্য খান মো. শহীদ বলেন, পৌর কর দিলেও শহরের লোকজন সুবিধা পাচ্ছেন না। সামান্য বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা হয়। ভাঙাচোরা সড়কে পৌরবাসীর দুর্ভোগে পড়তে হয়। জনদুর্ভোগ কমাতে টেকসই ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কার করা প্রয়োজন।
এ বিষয়ে পৌরসভার মেয়র খালিদ হোসেন বলেন, ‘শহরের রাস্তাঘাট ও ড্রেনব্যবস্থা উন্নয়নের জন্য একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। চলতি বছরই এমজিএসপির প্রকল্পের কাজ শুরু হবে। ইতিমধ্যে আধুনিক ড্রেনেজ নির্মাণকাজ শেষ পর্যায়ে। ড্রেন নির্মাণ শেষ হলেই সড়ক সংস্কারের কাজ করা হবে।’