নবজাতকের অর্ধগলিত লাশ ডোবা থেকে রেললাইনে টেনে আনল কুকুর

লাশটি বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়
ছবি: প্রথম আলো

নরসিংদী রেলওয়ে স্টেশনসংলগ্ন একটি ডোবায় এক মেয়ে নবজাতকের লাশ পড়ে ছিল। ওই ময়লা ডোবায় খাবার সংগ্রহ করতে গিয়েছিল একটি কুকুর। এরপর কুকুরটি নবজাতকের অর্ধগলিত লাশটি মুখে করে টেনে রেললাইনে নিয়ে আসে।

এই দৃশ্য দেখে প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রী ও স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। পরে লাশটি উদ্ধার করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সোমবার বিকেল চারটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে এ ঘটনা ঘটে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হলেও ময়নাতদন্ত ছাড়াই বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করেছে রেলওয়ে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘এসব ক্ষেত্রে সন্দেহজনক কিছু পেলে ময়নাতদন্ত করা হয়। কিন্তু নবজাতকটির শরীরে কুকুরের কামড় ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের সিদ্ধান্ত নিই। কেউ খোঁজ না নেওয়ায় লাশটি বেওয়ারিশ হিসেবে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়।’

রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, মৃত সন্তান প্রসব করায় হয়তো ওই নবজাতককে রাতের আঁধারে ময়লার ডোবায় ফেলে গেছেন কেউ। আবার এমনও হতে পারে, কন্যাসন্তান হওয়ায় বা গোপন সম্পর্কের মধ্য দিয়ে ওই নবজাতকের জন্ম হওয়ায় কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পৌনে চারটার দিকে একটি কুকুর লাশটি ডোবা থেকে তুলে এনে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মসংলগ্ন দুই রেললাইনের মধ্যবর্তী স্থানে রাখে।

এরপর অর্ধগলিত লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তিনি। কেউ লাশের খোঁজ নেন কিনা সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেই অপেক্ষায় ছিল রেলওয়ে পুলিশ। পরে লাশটি রেলওয়ে কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

এএসআই রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, নবজাতকের বয়স ছিল মাত্র এক দিন। দুই দিন আগে তাকে ওই ডোবায় ফেলে যাওয়া হয়ে থাকতে পারে। সুরতহালেও তার শরীরে কুকুরের কামড়ের কয়েকটি দাগ ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।