রাজবাড়ীতে নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজবাড়ীতে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম সবুর আলী (৬২)। তিনি খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, রাজবাড়ী রেলস্টেশন থেকে সকাল ছয়টায় ‘রাজবাড়ী-ফরিদপুর এক্সপ্রেস’ নামের একটি ট্রেন ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি খানখানাপুর রেলস্টেশন পার হয়ে বাজার এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় সবুর আলী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সবুর আলী প্রতিদিন ভোরে মসজিদে নামাজ আদায় শেষে হাঁটাহাঁটি করেন। আজও হাঁটার সময় তিনি ট্রেনে কাটা পড়েন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।