
মাদারীপুরে একটি পুকুরে ভাসছিল যুবকের লাশ। লাশটির হাতে ছিল একটি মুঠোফোন। আজ সোমবার সকাল ১০টার দিকে শহরের পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই যুবকের নাম সৌরভ মিয়া। তিনি পৌরসভার ২ নম্বর শকুনি এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে। পেশায় তিনি একজন চা দোকানি। শহরের লেকপাড় এলাকায় তাঁর একটি ভ্রাম্যমাণ চা দোকান আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরের এক যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে সদর থানা–পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটির ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মৃত যুবকের নাম সৌরভ মিয়া। লাশটি অন্তত দুই দিন আগ থেকে পানিতে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। ওই যুবকের হাতে একটি মুঠোফোন ও পায়ে স্যান্ডেল পরা ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।