উদ্ধার হওয়া সাউন্ড গ্রেনেড। আজ দুপুরে বান্দরবান বাস্টস্টেশন এলাকা থেকে তোলা
উদ্ধার হওয়া সাউন্ড গ্রেনেড। আজ দুপুরে বান্দরবান বাস্টস্টেশন এলাকা থেকে তোলা

পরিত্যক্ত শপিং ব্যাগে মিলল দুটি সাউন্ড গ্রেনেড

ঝিরির পাশে খেলতে গিয়েছিল দুই শিশু। হঠাৎ তাদের চোখে পড়ে পরিত্যক্ত একটি শপিং ব্যাগ। সেটি খুলতেই বেরিয়ে আসে দুটি সাউন্ড গ্রেনেড। এ সময় গ্রেনেড দুটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সাউন্ড গ্রেনেড দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান সদর উপজেলায় ঘটেছে এ ঘটনা। উপজেলার কাশেমপাড়া এলাকার ঝিরি থেকে গ্রেনেড দুটি উদ্ধার হয়। পরে দুটি গ্রেনেডই জেলা বাসস্টেশনের পুলিশ বক্সে জমা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছেন, উদ্ধার হওয়া সাউন্ড গ্রেনেড দুটি ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো থানা থেকে লুট করা। উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণে এসব গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এসব গ্রেনেড প্রাণঘাতী নয়।

উদ্ধার হওয়া সাউন্ড গ্রেনেড দুটি বালতিতে করে বান্দরবান বাসস্টেশন এলাকার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। আজ দুপুরে তোলা

জানতে চাইলে জেলা পুলিশ সুপার আবদুর রহমান বলেন, ‘দেখতে হ্যান্ডগ্রেনেডের মতো হওয়ায় অনেকে ভয় পেয়েছে। এগুলো বিস্ফোরণ হলে শুধু আওয়াজ ও ধোঁয়া হয়। এসব সাউন্ড গ্রেনেড ৫ আগস্টের পর দেশের কোনো থানা থেকে লুট হতে পারে। এরপর হয়তো কেউ ওই এলাকায় ফেলে গেছে।’