
কক্সবাজার সদর উপজেলায় নবাব মিয়া (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। মাছ ধরার জাল কেনার টাকা পরিশোধ নিয়ে নবাব মিয়ার সঙ্গে এক প্রতিবেশীর কথা-কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে নিহত নবাবের পরিবার দাবি করেছে।
নিহত নবাব মিয়া উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরীপাড়ার আবদুল হকের ছেলে। তিনি পুলিশের সাবেক কনস্টেবল।
নিহত নবাব মিয়ার ছোট ভাই ও কক্সবাজার আদালতের আইনজীবী শওকত বেলাল বলেন, তাঁর বড় ভাই নবাব মিয়া একটি জাল কিনে এলাকার দিদার মিয়া নামের একজনের কাছে বিক্রি করেছিলেন। এক হাজার টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে ১৫ দিন আগে বিরোধ তৈরি হয়। এ নিয়ে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় আবদু শুক্কুরের বাড়িতে সালিস হয়। সালিস শেষে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন নবাব মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় নবাব মিয়াকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবের লাশ আজ বুধবার বেলা ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন। তিনি আরও বলেন, দুই হাজার টাকায় নবাব মিয়ার কাছ থেকে একটি মাছ ধরার জাল কিনেছিলেন একজন প্রতিবেশী। এক হাজার টাকা পরিশোধ করা হয়নি। এ নিয়ে বিরোধের জেরে নবাব মিয়ার ওপর হামলা চালানো হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত দিদার মিয়াসহ অন্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সদর থানার পুলিশ পরিদর্শক মো. সেলিম উদ্দিন বলেন, হামলাকারীদের ধরতে রাত থেকে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। কিন্তু আজ বেলা দুইটা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পরপর হামলাকারীরা আত্মগোপন করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।