কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত) উপজেলায় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৩৪১ রোগী বেসরকারি বিভিন্ন হাসপাতালে রক্ত পরীক্ষা করান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৩ জনের। এর মধ্যে ১৩ জন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে আজ ৭ জুলাই সকাল ১০টা পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৯ হাজার ৪৪১ জন নারী, পুরুষ ও শিশুর রক্ত পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৭০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গুরুতর অসুস্থ ৩০ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রাম থেকে উপজেলায় ডেঙ্গুর সূচনা হয়। ওই গ্রামের একজন বাসিন্দা প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এর পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এলাকাবাসীর মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতা দেখা যাচ্ছে না।