
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
ওই ব্যক্তির বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। বয়স ৫১ বছর। করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ওই হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।
খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার প্রথম আলোকে বলেন, ওই রোগীকে ভর্তি করার দুই ঘণ্টার মধ্যে তিনি মারা যান। রাতেই তাঁর মরদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন।
সুহাস রঞ্জন হালদার বলেন, তাঁদের হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। চারজন করোনা উপসর্গ নিয়ে ইয়েলো জনে ভর্তি রয়েছেন।
এর আগে ৬ আগস্ট ওই হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগীর মৃত্যু হয়েছিল। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত খুলনা জেলায় ৮০৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর খুলনা বিভাগে মারা গেছেন ৩ হাজার ২৬২ জন।