নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক পদে নেওয়াজ মাহমুদ তুহিন জয়ী হয়েছেন। জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার উত্তম কুমার ঘোষ ভোট গণনা শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন।
আজ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫৪ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোট দেন।
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারিকুজ্জামান লিটু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইকবাল হোসেন সিকদার পেয়েছেন ৬৮ ভোট। অপর প্রার্থী সন্তোষ কুমার বিশ্বাস পেয়েছেন মাত্র ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নেওয়াজ মাহমুদ তুহিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্রাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি বি এম মতিউর রহমান, সহসাধারণ সম্পাদক মো. টুটুল শিকদার, গ্রন্থাগার সম্পাদক ইমরুল হাসান সনেট। এতে নির্বাহী সদস্য পদে শিমুল ফকির, জাহিদুল ইসলাম, এস এম ইকবাল হোসেন, নাজাতুন নেছা (মুক্তি), মিলিনা খানম জয় পেয়েছেন। এ ছাড়া আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী আক্তার।