মুন্সিগঞ্জে রাতে বাসে আগুন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে যাত্রীর মামলা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল শনিবার রাতে হরতালের সমর্থনে একটি মিছিল থেকে মিনিবাসে আগুন দেওয়া এবং এক যাত্রীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গজারিয়া থানায় করা মামলায় বিএনপির ৩৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অনেককে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গজারিয়া হয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকায় যাচ্ছিল যাত্রীবাহী একটি মিনিবাস। রাত ১০টার দিকে বাসটি মহাসড়কের বক্তারকাদি এলাকায় পৌঁছালে সেখানে বাসটিকে থামান কয়েকজন। তাঁরা বিএনপির হরতালের সমর্থনে স্লোগান দেন। এরপর মিনিবাসটিতে আগুন লাগিয়ে দেন তাঁরা।

আগুন দেওয়ার পর বাস থেকে নামার সময় আবু সুফিয়ান (৩৪) নামের এক যাত্রীকে মারধর করেন অগ্নিসংযোগকারী ব্যক্তিরা। এতে আহত হন তিনি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আবু সুফিয়ান নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, তবে তাঁর শরীরে কোনো পোড়ার চিহ্ন ছিল না।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. সোয়েব আলী বলেন, বাসের মধ্যে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও যাত্রীকে মারধর করার অভিযোগে আবু সুফিয়ান নামের ওই যাত্রী গতকাল দিবাগত রাত দুইটার দিকে মামলা করেন।

এ বিষয়ে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ প্রথম আলোকে বলেন, ‘আমি এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গতকাল ঢাকায় ছিলাম। বাসে আগুন দেওয়ার বিষয়টি নাটক। বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন–সংগ্রাম থেকে দূরে রাখতে, ঘরবাড়িছাড়া করতে আগুন দেওয়ার নাটক সাজানো হয়েছে।’