ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির মধ্যে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ১৫

রণক্ষেত্রে পরিণত এলাকায় মোতায়েন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের চান মার্কেটের সামনে
ছবি: প্রথম আলো

সকাল থেকেই বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামে এই বৈরী আবহাওয়ার মধ্যে আজ সোমবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত সন্দেহ ৫ নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ লোককে আসামি করে থানায় মামলা করা হয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ৫ নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার ও দেশীয় উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধী এক পক্ষের নেতৃত্বে রয়েছেন নাসির মিয়ার গোষ্ঠীর আবুল কালাম এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন একই গ্রামের চান মিয়ার গোষ্ঠী (চান্দের গোষ্ঠী) বা দারোগাবাড়ির গোষ্ঠীর কাজী মোবারক হোসেন। সম্প্রতি নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কাজী মোবারক হোসেন চেয়ারম্যান প্রার্থী হন। প্রতিপক্ষ নাসিরের গোষ্ঠীর লোকজন তাঁর বিরুদ্ধে নামেন। নির্বাচনে চান্দের গোষ্ঠীর নেতা কাজী মোবারক হোসেন পরাজিত হন। এ নিয়ে পুরোনো বিরোধ চরম উত্তেজনায় পৌঁছায়।

এর মধ্যে কিছুদিন আগে নাসিরের গোষ্ঠীর এক ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। চান্দের গোষ্ঠীর লোকজন নাটাই বটতলি বাজারে ওই ব্যক্তিকে একা পেয়ে মারধর করেন। পরে চান্দের গোষ্ঠীর এক যুবককে এক পেয়ে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পর চান্দের গোষ্ঠীর লোকজন নাসিরের গোষ্ঠীর ইদন মিয়া নামের এক যুবককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন এবং তাঁকে হকিস্টিক দিয়ে মারধরের পর ছুরিকাঘাত করেন।

সংঘর্ষস্থলে ফেলে যাওয়া দেশীয় অস্ত্র। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের চান মার্কেটের সামনে

এসব ঘটনার জের ধরে গতকাল রোববার রাতে চান্দের গোষ্ঠীর কাজী মোবারক হোসেন ও নাসিরের গোষ্ঠীর আবুল কালামের লোকজন গ্রামের চান মার্কেটের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে উভয় পক্ষের লোকজন আবারও দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম, ছুটি, দা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের ৫ নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র—বল্লম, ছোড়া, লাঠি, টেঁটা, রামদা, এককাইট্টা উদ্ধার করে পুলিশ।

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন।

জেলা শহরের নিউমার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও নাসিরের গোষ্ঠীর আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আমি শহরে থাকি এবং এলাকায় শান্তির পক্ষে রয়েছি। আমার বন্ধু প্রতিপক্ষের কাজী মোবারক হোসেন ও আমি মিলে এটি মীমাংসা করার চেষ্টা করেছি।’

চান্দের গোষ্ঠীর নেতা কাজী মোবারক হোসেনের মুঠোফোনে বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।