
বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৮ জন। চলিত মাসের ১০ দিনেই এই বিভাগে ডেঙ্গুতে ২১ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮৭ জন। গত জানুয়ারি থেকে বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬৫ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাঁরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার উজালা বেগম (৭৫), বরগুনা সদরের এমাদুল হক (৬২), পটুয়াখালীর গলাচিপা উপজেলার আলো বেগম (৩৫)। বাকি একজনের মৃত্যু হয়েছে পিরোজপুর জেলা হাসপাতালে, তাঁর নাম লাবণী আক্তার (২৮) এবং অপরজন কুলসুম বেগম (৬০), তিনি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত জুলাই মাস থেকে বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক হয়। এ সময় রোগী এবং মৃতের সংখ্যা বাড়তে থাকে। আগস্টে তা আরও বাড়ে। সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়, চলতি মাসেও তা অব্যাহত রয়েছে। চলতি অক্টোবরের ১০ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন, আর আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে দুজনের বেশি রোগীর মৃত্যু হয়। আর প্রতিদিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩২ রোগী। বিভাগে ডেঙ্গুতে মারা যাওয়া ১২৩ জনের মধ্যে সেপ্টেম্বরেই মারা যান ৬৪ জন। ওই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন ৯ হাজার ৯১৫ জন। এর আগে আগস্টে মৃত্যু হয় ২৯ জনের, আর আক্রান্ত হন ১০ হাজার ২৩৯ জন। আর জুলাইয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪ হাজার ৮৬৭ জন। আর মারা যান ১০ জন।
স্বাস্থ্য বিভাগ বলছে, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৯৫ শতাংশই গ্রামের, যাঁরা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছিলেন। মারা যাওয়া রোগীদের প্রায় ৯১ শতাংশের বয়স ৪০ থেকে ৭০ বছরের ওপর। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা প্রায় অর্ধেক।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এবার ডেঙ্গুর প্রকোপ প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়ায় এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগে কখনো এমন হয়নি। আগে বড় শহরে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি ছিল। এবার পরিস্থিতি পুরোপুরি উল্টো। চলতি বছর বৃষ্টি বিলম্বিত হওয়ায় ডেঙ্গুর প্রকোপও বিলম্বিত হচ্ছে। এ ছাড়া গ্রামের রোগীদের ডেঙ্গু শনাক্ত হওয়া ও চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায় মৃত্যু বাড়ছে। অবস্থা পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে, বৃষ্টির মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এবার ডেঙ্গুর প্রকোপে লাগাম টানা যাবে না।