
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রতিবেশীর হামলায় সবুজ প্রামাণিক (২৬) নামের এক যুবকের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম রাজু প্রামাণিক (২৬)। ঘটনার সময় তাঁরও হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। সবুজ ও রাজু ভদ্রঘাট গ্রামের বাসিন্দা।
পুলিশ, আহত ব্যক্তির পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক সেবনের টাকা না পেয়ে রাজু প্রামাণিক মাঝেমধ্যে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। গতকাল বিকেল সোয়া চারটার দিকে এমন একটি হামলার ঘটনা ঘটে। সেটি থামাতে গেলে প্রতিবেশী সবুজ প্রামাণিকের বাঁ হাতে ছুরিকাঘাত করেন রাজু। এতে সবুজের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জখম করা হয় সবুজকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাজুসহ আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সবুজ প্রামাণিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে রাজুর হামলায় আরও দুজন আহত হন। একপর্যায়ে রাজু নিজের গলায়ও ছুরিকাঘাত করতে উদ্যত হন। পরে গ্রামবাসী তাঁকে ধরে ছুরিটি কেড়ে নেন। এ সময় দুপক্ষের ধস্তাধস্তির একপর্যায়ে ছুরির আঘাতে রাজুর হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাজুসহ আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সবুজ প্রামাণিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।