নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মারা যান দুই সহোদর ভাই। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের আরেক চাচাতো ভাই। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে সেনবাগ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত দুই ভাই হলেন মো. আরিফ হোসেন (২৮) ও মো. আশিক হোসেন (২৬)। গুরুতর আহত হন তাঁদের চাচাতো ভাই মো. শাওন (২৪)। নিহত দুই ভাই সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের ভূঁইয়া বাড়ির আলাউদ্দিনের ছেলে। খবর পেয়ে থানা-পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুতগতির ওই মোটরসাইকেলের চাকা সড়কের গর্তে পড়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাত সাড়ে আটটার দিকে দুই ভাই আরিফ ও আশিক তাঁদের চাচাতো ভাই শাওনকে নিয়ে মোটরসাইকেলে করে বিদেশ থেকে আসা ভগ্নিপতিকে এগিয়ে আনতে সোনাইমুড়ী বাইপাস এলাকায় যাচ্ছিলেন। পথে সেনবাগ উপজেলার কেশারপাড় রাস্তার মাথা এলাকার মুন্সির দোকান এলাকায় মোটরসাইকেলের চাকা সড়কের গর্তে পড়ে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি উল্টে গেলে সড়কে ছিটকে পড়েন তিন আরোহী। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ছাতারপাইয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরিফ ও তাঁর ভাই আশিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত মো. শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার। প্রথম আলোকে তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ডমুরুয়া থেকে সোনাইমুড়ী যাওয়ার পথে সড়কের গর্তে মোটরসাইকেলের চাকা পড়ে উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই ভাইসহ তিন আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে দুই ভাই মারা গেছেন। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হচ্ছে বলে জানা গেছে।