
চট্টগ্রামের পটিয়ায় এক সোনা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম বিমান ধর (৪০)। তিনি উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের বাইন্যা পাড়ার দুলাল কান্তি ধরের ছেলে। বিমান ধর ও তাঁর এক ভাইয়ের চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকায় একটি সোনার দোকান রয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে বিমান ধর চট্টগ্রাম শহরের দোকান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পুলিশ ধারণা করছে, ফেরার পথে দুবৃর্ত্তরা তাঁকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে বিমান ধরের মোটরসাইকেল, ধারালো একটি দা, মুঠোফোন, টাকাসহ মানিব্যাগ পাওয়া গেছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, গতকাল রাতে লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় স্থানীয় লোকজন বিমান ধরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মোটরসাইকেল, মুঠোফোন, মানিব্যাগ—সবই অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী বিমান ধরকে দুবৃর্ত্তরা হত্যা করেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।