খাগড়াছড়ি সদর হাসপাতাল
খাগড়াছড়ি সদর হাসপাতাল

খাগড়াছড়িতে পোস্টার লাগাতে গিয়ে পিটুনির শিকার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাতে গিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মী গণপিটুনির শিকার হয়েছেন। গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় ২০–৩০ জন ছাত্রলীগের নেতা–কর্মী পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কয়েকজন স্থানীয় এক ব্যক্তির ওপর হামলা চালান। এরপর গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা করলে চার কর্মী আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি বলেন, চারজন চিকিৎসার জন্য আসেন, এর মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান। হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।