
নাটোরের গুরুদাসপুরে চালকলের ফিতায় জড়িয়ে রমজান আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা ধারবারিষা ইউনিয়নের হাজিবাজার এলাকায় মুছাইব মিলে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী দীর্ঘদিন ধরে ওই চালকলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুরবীরবাজার এলাকায়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, শনিবার বেলা ১১টার দিকে চাল থেকে শীতের পিঠা তৈরির গুঁড়া তৈরির জন্য এক ব্যক্তি এসেছিলেন। চালকল চালুর একপর্যায়ে অসাবধানতায় ফিতায় জড়িয়ে পড়েন রমজান আলী। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা এসে বৈদ্যুতিক লাইন বন্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ওসি আবদুল মতিন বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশটি তাঁর পরিবারকে হস্তান্তর করা হয়েছে।