চট্টগ্রামের পটিয়ায় বাস থেকে নামিয়ে এক সোনা ব্যবসায়ীর ৬৫ ভরি সোনা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর এক যুবদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম মামুনর রশিদ। তিনি পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
গতকাল শুক্রবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মামুনরের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মামুনর রশিদকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে ২৭ আগস্ট দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের কচুয়াই ফারুকিপাড়ায় একটি বাসের গতি রোধ করে সোনা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার কক্সবাজার জেলার ঈদগাঁও বাজারের রিদি গোল্ড ফ্যাশনের ব্যবসায়ী রুবেল দাশ বাদী যুবদল নেতা মামুনরসহ চারজনকে আসামি করে মামলা করেন।
মামুনরকে বহিষ্কারের বিষয়টি পটিয়া পৌরসভা বিএনপির সদস্যসচিব গাজী আবু তাহের প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এদিকে স্ক্র্যাপবাহী গাড়ি থেকে চাঁদা দাবি করার ঘটনায় সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিমকে আটক করা হয়েছে। আজ শনিবার বেলা তিনটায় চট্টগ্রাম নগরের বড়পোল এলাকা থেকে তাঁকে আটক করে হালিশহর থানায় সোপর্দ করে সেনাবাহিনী।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ। তিনি বলেন, আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবাহী একটি গাড়ি আটকে চাঁদা দাবি করেছিলেন ফজলুল করিম। পরে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে থানায় নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।