মানিকগঞ্জের সাটুরিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। রোববার দুপুরে উপজেলার দরগ্রাম বাজারে
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার খবর পেয়ে ঘটনাস্থলে যান  সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। রোববার দুপুরে উপজেলার দরগ্রাম বাজারে

মানিকগঞ্জে সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছনা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সার না পেয়ে কয়েকজন কৃষক স্থানীয় এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানের সামনে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত হওয়া ওই কর্মকর্তার নাম আরিফুল ইসলাম। তিনি দরগ্রাম এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।

উপজেলা কৃষি বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দ করা সারের তুলনায় কৃষকদের উপস্থিতি ছিল অনেক বেশি। ফলে দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা কৃষকদের সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়। এ সময় সার শেষ হওয়ার বিষয়টি উপস্থিত কৃষকদের জানালে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা কয়েকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ক্ষুব্ধ কয়েকজন কৃষক উত্তেজিত হয়ে ওঠেন। এদের মধ্যে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে ধাক্কা দেন।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। পরে তাঁরা পরিস্থিতি শান্ত করেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সার নিতে দীর্ঘ সারি হওয়ায় কয়েকজন কৃষক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় শৃঙ্খলা বজায় রাখতে ওই কৃষকদের বললে তাঁকে লাঞ্ছিত করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম লাঞ্ছিত হননি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তিনি বলেন, ওই ইউনিয়নের জন্য বরাদ্দ করা ৬৬০ বস্তা ডিএপি সার কৃষকদের মধ্যে বিতরণের পর আবারও ৮০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গত মাসে ৩০০ বস্তা সার বিতরণ করা হয়। অবশিষ্ট ৫০০ বস্তা সার বিতরণ করা হয়। এরপরও কৃষকের চাহিদা বেশি হওয়ায় সার না পেয়ে কয়েকজন কৃষকের সঙ্গে ওই উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

তানিয়া তাবাসসুম আরও বলেন, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে অবহিত করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজাহান সিরাজ বলেন, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করা নয়, তাঁর সঙ্গে কয়েকজন অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। সেখানে সারের কোনো সংকট নেই।