ফেনীতে মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার হয়। পুলিশের ধারণা, গাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে সাদা লুঙ্গি ও কালো টি-শার্ট ছিল। লাশটি উদ্ধারের পর ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির কোনো যানবাহন ওই যুবককে চাপা দিয়েছে। নিহত যুবককে ঘটনাস্থলের আশপাশের কেউ চেনেন না। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।