
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (সদর একাংশ ও রাজৈর) আসনের আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী শাজাহান খান। তাঁর নির্বাচনী এলাকা ছেড়ে তিনি মাদারীপুর-৩ (সদরের একাংশ, কালকিনি ও ডাসার) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহানের (গোলাপ) পক্ষে প্রচার চালাচ্ছেন ও ভোট চাইছেন।
ইতিমধ্যে আবদুস সোবহানের বেশ কয়েকটি পথসভায় অংশ নিয়েছেন শাজাহান খান। সোবহানের পক্ষে স্থানীয় হাটবাজারেও শাজাহানকে ভোট চাইতে দেখা গেছে।
আবদুস সোবহানের পক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের তেমন নেতা-কর্মী মাঠে নেই। বেশির ভাগ নেতা-কর্মী মাদারীপুর-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে কাজ করছেন। এ কারণে মাদারীপুর-৩ আসনে নৌকার বিজয় আনতে শাজাহান খান সরাসরি মাঠে নেমেছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, আবদুস সোবহানের সঙ্গে নেতা-কর্মীদের দূরত্ব ও দ্বন্দ্ব থাকায় তাঁর পক্ষে দলীয় নেতা-কর্মীরা নেই। সোবহানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার ছাড়া উপজেলার উল্লেখযোগ্য কোনো নেতাকে তাঁর নির্বাচনী প্রচারে দেখা যায়নি। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য শাজাহান খান সরাসরি আবদুস সোবহানের পক্ষে মাঠে নামায় জেলার কয়েকজন নেতা-কর্মীকে দেখা যাচ্ছে। আবদুস সোবহানের পক্ষে সরাসরি প্রচারের নামায় শাজাহান খানের সমালোচনাও করেছেন কেউ কেউ।
কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘আবদুস সোবহান গোলাপের নিজের কোনো জনপ্রিয়তা নেই। তিনি একজন দুর্নীতিবাজ এমপি। তাই তিনি জেলা থেকে লোক হায়ার করে প্রচারণা চালাচ্ছেন। শাজাহান খান মাদারীপুর-২ আসনের এমপি, তাঁর ৩ আসনে কাজ কী? তিনি নিজের আসনে প্রচারণা মন না দিয়ে কালকিনিতে পড়ে আছেন। তাঁকে (শাজাহান খানকে) এটা মানায় না। যদিও এতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা আওয়ামী লীগ যাঁরা করি, তাঁরা সবাই ঈগলের গণজোয়ারে আছি।’
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টায় মাদারীপুর-৩ আসনের নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহানের সঙ্গে এক পথসভায় অংশ নেন শাজাহান খান। এ সময় তাঁর সঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার, শাজাহান খানের ভাই আজিজুল রহমান খান ছিলেন। এর আগে চরদৌলতখান ও মস্তফাপুর ইউনিয়ন এবং কালকিনি পৌর এলাকায় আবদুস সোবহানের পক্ষে নৌকায় ভোট চান শাজাহান খান।
লক্ষ্মীপুর এলাকায় নির্বাচনী পথসভায় আবদুস সোবহানের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে শাজাহান খান বলেন, ‘এই ভোট গোলাপ সাহেবের না। এই ভোট শেখ হাসিনার। যাঁরা আওয়ামী লীগ করেন, তাঁদের নৌকায় ভোট দিতেই হবে। আর যাঁরা নৌকায় ভোট দেবেন না, তাঁরা আওয়ামী লীগ করেন না। তাই আমাদের সবাইকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভা মাদারীপুর সদরে বা শিবচরে করবেন না। করবেন কালকিনিতে। জনগণকে বুঝতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাপকে কতটা স্নেহ করেন।’
দলীয় নেতা-কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুর-১ ও ২ আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। এ কারণে এই দুই আসনে নির্বাচনে তেমন কোনো প্রচার নেই। তবে কালকিনিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় এখানে নির্বাচন জমে উঠেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা আওয়ামী লীগের লোক। নৌকার পক্ষেই চিরকাল ছিলাম, থাকব। তবে মাদারীপুর-২ ও ৩ আসনে নৌকার প্রার্থীর প্রচারণায় আমরা নেই। তা ছাড়া মাদারীপুর-৩ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম স্বতন্ত্র প্রার্থী। তাঁর পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা একযোগে মাঠে নেমেছেন। তাঁর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। কারণ, নেত্রী বলেছেন, জনগণের ভোটে যে হয়ে আসবে, সে–ই আমার।’
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন বলেন, ‘আমি নিজেও এই আসনের প্রার্থী ছিলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও পরে প্রত্যাহার করে নিয়েছি। তবে নৌকার প্রার্থী গোলাপের পক্ষে উপজেলা আওয়ামী লীগ নেই। উপজেলা ও ইউনিয়নের সব কমিটির নেতা-কর্মীরা তাহমিনা বেগমকে সমর্থন দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে স্বতন্ত্রপ্রার্থী ঈগলের পক্ষে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’