জাফলংয়ে পিয়াইন নদে সাঁতারে নেমে তরুণের মৃত্যু

গোয়াইনঘাটের জাফলং জিরোপয়েন্ট থেকে পশ্চিম দিকে বয়ে যাওয়া পিয়াইন নদ
ফাইল ছবি

সিলেটের জাফলংয়ের পিয়াইন নদে সাঁতারের জন্য নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম মো. ইমন আহমদ (২৪)। তিনি সিলেট নগরের সুবিদবাজারের হাজিপাড়ার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সুবিদবাজারে ১২ জনের একটি দল জাফলংয়ে বেড়াতে যায়। বিকেলে দলটি জাফলংয়ের পিয়াইন নদের জিরো পয়েন্টে সাঁতারে নামে। একপর্যায়ে ইমন আহমদ নদের পানির স্রোতে তলিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে বেলা সাড়ে তিনটার দিকে ইমন আহমদকে উদ্ধার করেন। পরে সহযোগীরা তাঁকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সিলেটে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে জৈন্তাপুর থেকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, জাফলংয়ে বেড়াতে আসা এক তরুণ সাঁতারের জন্য নেমে পানিতে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে। বিষয়টির বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।