নাটোরের সিংড়ায় ডিমের পাইকারি বাজারে চলছে বেচাকেনা। গতকাল মঙ্গলবার সকালে তোলা
নাটোরের সিংড়ায় ডিমের পাইকারি বাজারে চলছে বেচাকেনা। গতকাল মঙ্গলবার সকালে তোলা

চলনবিল এলাকায় ২০ টাকার হাঁসের ডিমের দাম কমে ১০ টাকা

রোজা শুরুর পর নিত্যপ্রয়োজনীয় প্রায় সব খাদ্যপণ্যের দাম বাড়লেও নাটোরের সিংড়া উপজেলায় হাঁসের ডিমের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। উপজেলাটিতে হাঁসের ডিমের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ক্রেতারা স্বস্তি পেলেও খামারিরা পড়েছেন বিপাকে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি হিসাবে চলনবিল এলাকায় হাঁসের বড় খামার আছে ৪৫১টি। এ ছাড়া প্রায় প্রতিটি বসতবাড়িতে ছোট আকারে হাঁস পালন করা হয়। সব মিলিয়ে উপজেলায় আড়াই লাখের বেশি হাঁস আছে। উৎপাদিত ডিমের পাইকারি বাজার বসে উপজেলা সদরে। তবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা সরাসরি খামার থেকে ডিম কিনে দেশের বিভিন্ন আড়তে সরবরাহ করেন।

গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সকালে সিংড়ার পাইকারি বাজারে হাঁসের ডিমের পর্যাপ্ত সরবরাহ দেখা যায়। প্রতিটি ডিম আকারভেদে ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছিল। একাধিক ক্রেতা ও বিক্রেতা জানান, রোজা শুরুর আগে একই ডিম বিক্রি হতো ১৫ থেকে ২০ টাকায়। কম দামে ডিম কিনতে পেরে আড়তদারেরা সন্তুষ্ট হলেও খামারিরা বলছেন, উৎপাদন খরচের তুলনায় এই দাম অনেক কম।

ডাহিয়া গ্রামের খামারি মকছেদ আলী বলেন, ‘হাঁসের খাওয়ার খরচ, ওষুধপত্র ও পাটের (কর্মী) খরচ অনেক বাড়ি গিছে। একন একটা ডিম উৎপাদন করতে খরচ হয় প্রায় ১২ টেকা। অথচ ডিম বিক্রি করচি ৮ থেকে ১০ টেকা করি। এভাবি চললে খামার বন্ধ করি দিতে হবি।’

ডিমের আড়তদার আবদুল ওহাব বলেন, রোজার সময় চাহিদা কম থাকায় দাম কমেছে। উৎপাদন খরচ বিবেচনায় ডিমের ন্যূনতম দাম ১২ থেকে ১৫ টাকা হওয়া উচিত। তবে ছোট ডিম ৮ থেকে ৯ টাকা এবং বড় ডিম ১০ টাকায় বিক্রি হচ্ছে। তাঁর ধারণা, রোজার পর দাম আবার বাড়তে পারে।

ঢাকা থেকে আসা পাইকার মওদুদ মওলা বলেন, দাম কম হলেও বেচাকেনা তেমন জমছে না। রোজার কারণে মানুষ হয়তো কম খাচ্ছেন। তবে এখান থেকে ডিম কিনে ঢাকায় বিক্রি করতে দামে বড় কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।

পোলট্রি ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় হাঁসের ডিমের চাহিদা কমেছে বলে মন্তব্য করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম। তিনি বলেন, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। তবে পরিস্থিতি সাময়িক। দ্রুতই খামারিরা ন্যায্য দাম পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।