রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে সভাপতি নিয়োগে অনিয়মের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে সভাপতি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বিভাগে যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকা সত্ত্বেও অন্য বিভাগের একজন শিক্ষককে কর্তৃপক্ষ সভাপতি হিসেবে নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষকেরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় আইনের ব্যত্যয় ঘটেছে বলে মনে করছেন তাঁরা।

একই সময়ে মাইক্রোবায়োলজি বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতিকে বদলি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভাগের স্বাভাবিক পাঠদান ও সার্বিক উন্নয়নের কথা বিবেচনা নিয়ে ওই সভাপতিকে শিক্ষক হিসেবে পুনর্বহালের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই নিয়োগ ও বদলি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগের যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত ও সহযোগী অধ্যাপক ফারুক হাসানকে ওই বিভাগে শিক্ষক ও অধ্যাপক বিশ্বনাথ শিকদারকে প্রেষণে তিন বছরের জন্য সভাপতি নিয়োগ দেয় প্রশাসন। সাত মাস আগে সিন্ডিকেটের মাধ্যমে বিভাগে স্থায়ী শিক্ষক হিসেবে মনোনীত হন সহযোগী দুই অধ্যাপক। আর সভাপতি থাকাকালে বিশ্বনাথ শিকদারকে জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমতিয়াজ হাসানকে প্রেষণে মাইক্রোবায়োলজি বিভাগে স্বপদে ও স্ববেতনে বদলি করা হয়। বিভাগে যোগদানের তারিখ ১৭ ডিসেম্বর থেকে ৩ বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে মাইক্রোবায়োলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বিশ্বনাথ শিকদারকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে স্বপদে বদলি করা হয়।

ওই আদেশ জারির পর ১৩ ডিসেম্বর মাইক্রোবায়োলজি বিভাগের একাডেমিক কমিটির সভা হয়। সভায় আলোচনা শেষে রেজিস্ট্রার বরাবর একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে কোনো বিভাগে সহকারী অধ্যাপক ও তদূর্ধ্ব পদে কর্মরত থাকলে সভাপতি নিয়োগে তাঁদের মধ্য থেকেই জ্যেষ্ঠতার ক্রম অনুসারে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ আছে। বিভাগে বর্তমানে স্থায়ীভাবে দুজন শিক্ষক সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত এবং তাঁরা বিশ্ববিদ্যালয়ে ১৪ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। বিভাগের সভাপতি নিয়োগে ওই দুই শিক্ষকেরই সভাপতি হওয়ার পূর্ণ যোগ্যতা আছে। এরপরও বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সকে উপেক্ষা করে অন্য বিভাগের শিক্ষককে সভাপতি নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে মাইক্রোবায়োলজি বিভাগের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

চিঠিতে আরও বলা হয়, একাডেমিক কমিটি মনে করে, মাইক্রোবায়োলজি বিভাগে অন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটেছে এবং এর মাধ্যমে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকদ্বয় বঞ্চনার শিকার হয়েছেন। ফলে তাঁরা মানসিকভাবে চাপে পড়েছেন, যা নতুন প্রতিষ্ঠিত বিভাগের সার্বিক শিক্ষা কার্যক্রমে বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে পারে। এ জন্য দ্রুত যথাযথ পদক্ষেপের মাধ্যমে বিভাগের শিক্ষকদের মধ্য থেকে সভাপতি নিয়োগের জোর সুপারিশ জানাচ্ছে। যদিও প্রশাসন এ চিঠির কোনো জবাব দেয়নি।

সহযোগী অধ্যাপক ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সভাপতি হওয়ার জন্য যেসব যোগ্যতা থাকা দরকার, তা বিভাগের শিক্ষকদের মধ্যে আছে। কিন্তু প্রশাসন তা আমলে না নিয়ে অধ্যাপক ইমতিয়াজ হাসানকে সভাপতি নিয়োগ দিয়েছে। যিনি তাঁদের পরে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। প্রশাসন পরিকল্পিত উদ্দেশ্যে এমনটা করছেন বলে তিনি মনে করেন।  

এদিকে বিভাগের শিক্ষার্থীরা সদ্য সাবেক সভাপতি অধ্যাপক বিশ্বনাথ শিকদারকে বিভাগে পুনর্বহালের জন্য উপাচার্য বরাবর আবেদন করেছেন। আবেদনে তাঁরা উল্লেখ করেন, শিক্ষক স্বল্পতা ও পঠন-পাঠনের সার্বিক বিষয় বিবেচনা করে অধ্যাপক বিশ্বনাথ শিকদারকে খুবই প্রয়োজন। তিনি বিভাগে তিনটি সেশনে তত্ত্বীয় ও ব্যবহারিকসহ মোট সাতটি কোর্সের সঙ্গে সরাসরি যুক্ত। তাঁকে বদলির ফলে মাইক্রোবায়োলজি বিভাগের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে। এ জন্য তাঁরা বিশ্বনাথ শিকদারকে আবার মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক হিসেবে পুনর্বহালের অনুরোধ করেন।

অধ্যাপক বিশ্বনাথ শিকদার প্রথম আলোকে বলেন, তাঁর বদলির পেছনে তিনি কোনো যৌক্তিক কারণ দেখতে পারছেন না। বিভাগের দুই শিক্ষকের সভাপতি হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সামনে শিক্ষক-কর্মচারী নিয়োগ আছে। তিনি জ্যেষ্ঠ অধ্যাপক, তিনি থাকলে হয়তো তাঁদের উদ্দেশ্যে বাধা হতে পারে। প্রশাসন যে উদ্দেশ্যে তাঁকে বদলি করেছে, তা সামনের দিনগুলোতে তাঁদের কার্যক্রমে প্রকাশ পাবে।

জানতে চাইলে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। যেসব শিক্ষক বলছেন, নিয়মের ব্যত্যয় ঘটেছে, তাঁরা না জেনেই বলছেন, যা খুবই দুঃখজনক। বিশ্বনাথ শিকদারের প্রেষণের নির্ধারিত সময় শেষে নিয়মানুযায়ী বদলি করা হয়েছে।