
ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণে দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
রোববার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার একটি হোটেলের সম্মেলনকক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর গ্লোবাল টিমের সঙ্গে এ অভিজ্ঞতা ও মতবিনিময় সভার আয়োজন করে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’।
বদিউল আলম মজুমদার বলেন, একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। সহিংসতা প্রতিরোধ, সহাবস্থান নিশ্চিতকরণ ও সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টা চালাতে হবে।
পিএফজি মোংলার সমন্বয়কারী মো. নূর আলম শেখ সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, পিস অ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক (পিএডিএন) বাগেরহাটের সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, এস কে হাসিব, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত প্রমুখ।
সভায় হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল টিমের সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আগত মেগান, নেদারল্যান্ডসের অ্যানালিস কানিজ, আনাত ও ইয়েথ্রো উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পিএফজি বৈধ রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতাদের নিয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। দেশের ২৭টি উপজেলায় গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতে কাজ করছে সংগঠনটি।