ধর্ষণ
ধর্ষণ

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লার বরুড়ায় এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর এক আত্মীয়ের বিরুদ্ধে। ধর্ষণের ভিডিও ধারণ করে জিম্মি করে ওই নারীর স্বর্ণালংকার ও টাকা লুটও করা হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় অভিযুক্ত যুবককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। গ্রেপ্তার যুবক উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী নারী এক সন্তানের জননী ও তাঁর স্বামী প্রবাসে থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শৌচাগারে যেতে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা যুবক ভুক্তভোগীর মুখ চেপে ধরে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। সেই মুহূর্তের ভিডিও ধারণ করে রাখা হয়। এরপর ওই নারীর কানের দুল ও নগদ এক লাখ টাকা লুটে নেন অভিযুক্ত। পরদিন সকালে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ দুপুরে ভুক্তভোগী নারী নিজে থানায় উপস্থিত হয়ে মামলা করেন। পরে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ধর্ষণ, লুট ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ভুক্তভোগী নারী মামলা করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।