গাজীপুরে পোশাক কারখানায় লে-অফ ঘোষণার পর শ্রমিকেরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। আজ বুধবার সকালে গাজীপুর মহানগরীর কলমেশ্বর এলাকায়
গাজীপুরে পোশাক কারখানায় লে-অফ ঘোষণার পর শ্রমিকেরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। আজ বুধবার সকালে গাজীপুর মহানগরীর কলমেশ্বর এলাকায়

গাজীপুরে হঠাৎ পোশাক কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের অবস্থান কর্মসূচি

গাজীপুরের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে প্রায় সাত শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। পবিত্র রমজান মাস শুরু আগে তাঁরা বকেয়া বেতন পরিশোধসহ কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

কারখানাটির নাম রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড। এটি গাজীপুর নগরের গাছা থানার কলমেশ্বর এলাকায় অবস্থিত। আজ বুধবার সকাল আটটার দিকে কারখানাটির সামনে লে-অফসংক্রান্ত একটি নোটিশ টানানো হয়। পরে শ্রমিকেরা কারখানা খোলার দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন।

কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপকের (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) সই করা নোটিশে বলা হয়েছে, কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও নানা প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমেছে, অনেক অর্ডার বাতিল হয়েছে। একই কারণে নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ১৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।

লে-অফ চলাকালে শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এ সময় কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন।

কারখানার শ্রমিকেরা জানান, প্রতিষ্ঠানটিতে সাত শতাধিক শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৮ তারিখ পেরিয়ে গেলেও গত মাসের বেতন এখনো পাননি। শ্রমিকদের ভাষ্য, সামনে রোজা ও ঈদ। এ অবস্থায় পরিবার নিয়ে সংসার চালানো নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।

এ বিষয়ে বাংলাদেশ শিল্প পুলিশের পরিদর্শক বিকাশ চৌধুরী বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে কারখানার ডিজিএম মোহাম্মদ শাহীনের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।