দাগনভূঞায় ঘরে আগুন লেগে পুড়ে মারা গেলেন বৃদ্ধা

লাশ
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় আগুন লেগে ঘরের ভেতর পুড়ে মারা গেছেন একজন বৃদ্ধা। তাঁর নাম জাকিয়া খাতুন (৬৫)। আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আবদুল হকের বসতঘরে আগুন লাগে। এতে তাঁদের টিনের ছাউনি ও বাঁশের বেড়ার ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়।

জাকিয়া খাতুন ওই বাড়ির আবদুল হকের স্ত্রী। তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। ফলে ঘর থেকে বের হতে পারেননি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ছয়টার দিকে বসতঘরের রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। তখন বাড়ির সবাই আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এ সময় জাকিয়া খাতুন ঘরে ছিলেন। আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ায় কেউ তাঁকে বের করতেও পারেননি। তিনি ঘরের ভেতরই আগুনে পুড়ে মারা যান।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসিম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাড়িতে পৌঁছার আগেই তাঁদের বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। রান্নাঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুনে এক পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা পুড়ে মারা গেছেন।