অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ছয় নেতার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। গতকাল সোমবার সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এম মুজিবুর রহমান, বাগেরহাট–১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও আইনজীবী পারভেজ আলম খান। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত ২২ এপ্রিল খুলনা মহানগরের ময়লাপোতা এলাকা থেকে সন্দেহভাজন এম এম মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় । তাঁর কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনের তথ্য থেকে জানা যায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ নামের গ্রুপে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছিল।
পরে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। ৪ আগস্ট কেএমপি অনুমতি পায়। এরপর গতকাল সোমবার সোনাডাঙ্গা থানায় ছয়জনের নাম উল্লেখ করে মোট ৪৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।